মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট, শিরোপা জিতল বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত হয়েছে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ৩০ হাজার টাকা এবং রানার-আপ দলের জন্য ২৫ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়।সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বর্নি ফুটবল একাদশ ও নৈহাটী ব্রাইট স্পোর্টস একাডেমি (রূপসা, খুলনা)। উদ্বোধন করেন বর্নি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে এম সাজিদুর রহমান মন্টু ও খালিদ হোসেন জমাদ্দার।টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। সেমিফাইনালে বর্নি ফুটবল একাদশ ১–০ গোলে নৈহাটী ব্রাইট স্পোর্টস একাডেমিকে এবং বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি ২–০ গোলে শহীদ মনসুর স্মৃতি সংঘকে পরাজিত করে ফাইনালে ওঠে।বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।টাইব্রেকারে বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি ৫ শটের মধ্যে ৪টি গোল করে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বর্নি ফুটবল একাদশ ৪ শটের মধ্যে ২টি গোল করে রানার-আপ হয়। খেলা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশ।

টুঙ্গিপাড়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট, শিরোপা জিতল বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি