শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি।রোববার (৩০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবি নিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতির স্বার্থে আমরা বিএনপিকে বলেছি, ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন এবং জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কী হতে পারে, তা দফায় দফায় দেখার পরও যদি শিক্ষা না হয়, জীবনেও তাদের শিক্ষা হবে না।তিনি আরও বলেন, আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো পরিবার বা গোষ্ঠীকে তোষামোদ করার জন্য নয়। এটি হবে স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাবান রাষ্ট্র গড়ার বিপ্লব।সমাবেশে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং যুব সমাজকে সেই লক্ষ্যে প্রস্তুত হওয়ার অনুরোধ করেন। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন ও জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি: ডা. শফিকুর রহমান