ঈদুল আজহা খুলনায় নিরাপত্তা ও ঈদ জামাতের বিশেষ প্রস্তুতি
খুলনায় পবিত্র ঈদুল আজহা–২০২৬ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সরকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে খুলনা সার্কিট হাউজ ময়দানে।আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় এবং ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে খুলনা টাউন জামে মসজিদে। এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাতের আয়োজন থাকবে।নারীদের জন্য পর্দাসহ আলাদা ব্যবস্থায় সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দিন সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে সূর্যাস্তের আগে নামাতে হবে। নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঈদ মোবারক ব্যানার ও জাতীয় পতাকায় সজ্জিত থাকবে।ঈদ উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশু সদন, আশ্রয় কেন্দ্র ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের গুরুত্ব নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ টহল ও নজরদারি পরিচালনা করবে। একই সঙ্গে ফটকা, আতশবাজি, উচ্চ শব্দে মাইক, বেপরোয়া মোটরসাইকেল চালানো ও অননুমোদিত পশুরহাট স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে এবং রাতের বেলায় স্পিডবোট চলাচল সীমিত থাকবে। পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও অবৈধ টোল আদায় রোধে মোবাইল কোর্ট ও ভিজিল্যান্স টিম কাজ করবে।ঈদের সময় পশু জবাইয়ের পর দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং পরিবেশ দূষণ রোধে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধেও নজরদারি থাকবে।ঈদের প্রধান জামাতের সময় মুসল্লিদের পার্কিংয়ের জন্য খুলনা জেলা স্টেডিয়াম ব্যবহার করা হবে এবং অজুর পানির ব্যবস্থা রাখা হবে। প্রয়োজনে কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭১০৬৯৯–এ যোগাযোগ করা যাবে।
ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করবে।