শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে পাবনার ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী ‘প্রথম বিজ্ঞান মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল মিয়া, শহীদ বুলবুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জাহিদ হাসান, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের প্রফেসর গৌতম কুমার দত্ত এবং প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।এ ছাড়া পাইলট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান একরামুল হক, অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সভাপতি মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।মেলায় প্লে থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। দর্শনার্থীদের জন্য শিক্ষার্থীদের তৈরি ৬০টিরও বেশি উদ্ভাবনী ও বাস্তবভিত্তিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করা হয়।প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে স্মার্ট সিটি ব্যবস্থাপনা, জলচক্র, রোবটিক্সসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক নতুন ধারণা দর্শনার্থীদের নজর কাড়ে। খুদে বিজ্ঞানীদের সাবলীল উপস্থাপনা ও প্রজেক্ট ব্যাখ্যায় মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানেন।প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও নতুন ভাবনার প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করার পাশাপাশি ভবিষ্যতে নতুন কিছু উদ্ভাবনে অনুপ্রেরণা জোগাবে।জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় উদ্ভাবনের পথে এগিয়ে নিতে পারে।পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল মিয়া বলেন, বইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ শিক্ষার্থীদের দক্ষ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের বিজ্ঞানচর্চা ও প্রদর্শনী অব্যাহত রাখা হবে।

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত