খানসামায় ঔষধ প্রতিনিধিদের মানববন্ধন, ৬ দফা দাবিতে উত্তাল
খানসামা উপজেলায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ মে) সকালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া খানসামা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকেরহাট শাপলা চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাহার হোসেন এবং সঞ্চালনা করেন ফরিদ আহমেদ। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডালিম চন্দ্র রায়, প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশের ঔষধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও অনিরাপদ কর্মপরিবেশের শিকার হচ্ছেন। তারা ৮ ঘণ্টার নির্ধারিত কর্মদিবস, ওভারটাইম ভাতা, বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং গ্র্যাচুইটি বৃদ্ধির দাবি জানান।এছাড়া চাকরির পাঁচ বছর পূর্ণ হলে যানবাহন সুবিধা প্রদান, চাকরিচ্যুত হলে ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং টিএ/ডিএ বিল বাজারমূল্যের সঙ্গে সমন্বয়ের দাবিও জানানো হয়।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।