গঙ্গাচড়ায় অতি দরিদ্র পরিবারের পাশে জাকাত ফাউন্ডেশন, বিতরণ খাদ্য সহায়তা
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার (ZFA) উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচিত অতি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল ও ভোজ্যতেল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সরাসরি বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. নায়েবুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা-বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি ডিরেক্টর মো. এনামুল হক।৬০ কেজি চাল ও ৫ লিটার তেল পেল পরিবারগুলোকর্মসূচির আওতায় গঙ্গাচড়া উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচিত প্রতিটি অতি দরিদ্র পরিবারকে ৬০ কেজি চাল ও ৫ লিটার ভোজ্যতেল দেওয়া হয়।খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি দেখা যায়। তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচের সময়ে এই সহায়তা তাদের পরিবারের জন্য বড় উপকারে আসবে।উপকারভোগী লামিয়া বেগম বলেন, “আমাদের মতো গরিব মানুষের জন্য চাল ও তেলের এই সহায়তা অনেক উপকারে আসবে। কিছুদিনের জন্য হলেও পরিবারের খাবারের চিন্তা কমবে।”আরেক উপকারভোগী মোতালেব হোসেন বলেন, “অভাবের সংসারে বাজার থেকে সবকিছু কিনে খাওয়া কঠিন। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া।”মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়অনুষ্ঠানে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন স্বাগত বক্তব্য দেন। তিনি বাংলাদেশে সংস্থাটির চলমান মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।বিশেষ অতিথি মো. নায়েবুজ্জামান বলেন, অতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। জাকাত ও মানবিক সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারলে সমাজের বৈষম্য কমানো সম্ভব।সভাপতির বক্তব্যে কান্ট্রি ডিরেক্টর মো. এনামুল হক বলেন, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য কাজ করছে। বাংলাদেশেও খাদ্য সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকায়ন, পানি ও স্যানিটেশন খাতে কার্যক্রম পরিচালনা করছে।তিনি বলেন, প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।এদিকে সংসদ সদস্য রায়হান সিরাজী অনলাইন বক্তব্যে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। গঙ্গাচড়ার সুবিধাবঞ্চিত মানুষের জন্য জাকাত ফাউন্ডেশনের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, জাকাত ফাউন্ডেশনের কর্মকর্তারা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।