খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
খুলনার কয়রা উপজেলা-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিনটির সূচনায় কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কয়রা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।র্যালি শেষে কয়রা উপজেলা আইনজীবী ইউনিটবার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ গৌর সুন্দর বিশ্বাস।আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে, যা তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।সভাপতির বক্তব্যে সঞ্জয় পাল বলেন, “অর্থাভাবে যারা আইনি সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড ব্যবস্থা চালু রেখেছে। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।”এ সময় আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আইনজীবী ইউনিটবারের সভাপতি অ্যাডভোকেট শেখ আকবর হোসেনসহ অন্যান্য আইনজীবী ও সহকারীরা।
অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে লিগ্যাল এইড সেবা সম্পর্কে সচেতন করা এবং আইনের সুরক্ষা সবার জন্য নিশ্চিত করার বার্তা দেওয়া হয়।