শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সৌদি কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৪ হাফেজের বড় জয়

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের চার হাফেজ। তাদের এই আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিজয়ী হাফেজরা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাদের স্বাগত জানান।ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের চারজন হাফেজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হওয়া দেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয়। বাংলাদেশ কোরআনের পাখিদের উর্বর ভূমি—এই অর্জন তারই প্রমাণ।তিনি জানান, অসুস্থতার কারণে নিজে বিমানবন্দরে যেতে না পারলেও দ্রুত সময়ের মধ্যে বিজয়ী হাফেজদের মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হবে।বিমানবন্দরে হাফেজদের অভ্যর্থনা জানান ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন হাফেজ অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশনের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তারা সৌদি আরবে অংশগ্রহণের সুযোগ পান।প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুহাম্মদ জাকারিয়া। একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। জাকারিয়া পুরস্কার হিসেবে পান ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা পান ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।এ ছাড়া তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তারা দুজনেই পুরস্কার হিসেবে পান ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।বিজয়ী হাফেজদের মধ্যে মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। হাফেজ মাহমুদুল হাসান আশরাফী রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। অন্যদিকে রাবেতা বিনতে রমজান উত্তরা তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসা এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারীর সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদ্রাসার শিক্ষার্থী।

সৌদি কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৪ হাফেজের বড় জয়