কিশোর ক্রিকেটারের সঙ্গে সংঘর্ষ, মারা গেলেন কোচ
কলম্বোর একটি ক্রিকেট ক্লাবে কিশোর ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেট কোচ সুমিথ ফার্নান্দো। ৬২ বছর বয়সী এই কোচ একসময় শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিসের প্রশিক্ষক ছিলেন।ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে কলম্বোর সিনামন গার্ডেনস পুলিশ। আদালতের নির্দেশে তাকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রবেশন ও শিশু পরিচর্যা বিভাগের হেফাজতে রাখা হয়েছে।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৮ আগস্ট কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে কয়েকজন ক্রিকেটার অনুশীলনের সময় পানি পান করতে গিয়ে দেখেন, কলটিতে পানি নেই। এ নিয়ে ক্লাবের কর্মী ফার্নান্দোর সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শারীরিক সংঘর্ষে গড়ায়।পুলিশের ভাষ্য, ফার্নান্দো একজন খেলোয়াড়কে আঘাত করার চেষ্টা করেছিলেন। তখন ১৭ বছর বয়সী ওই ক্রিকেটার তাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় ফার্নান্দোকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তবে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসা নথিতে হৃদ্রোগের তথ্য পাওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হয়েছে। আরও পরীক্ষার জন্য মরদেহের নমুনা সরকারি বিশ্লেষকের কাছে পাঠানো হয়েছে।ফার্নান্দো মোরাতুয়ার প্রিন্স অব ওয়েলস কলেজের সাবেক কোচ ছিলেন। স্কুল পর্যায়ে কুশল মেন্ডিসসহ শ্রীলঙ্কার বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পরে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।ঘটনার প্রকৃত পরিস্থিতি ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার পুলিশ। বৃহস্পতিবার ফার্নান্দোর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সূত্র: পিটিআই, শ্রীলঙ্কা মিরর