শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

খুলনার উন্নয়নই সর্বোচ্চ অঙ্গীকার: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। একই সঙ্গে তিনি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কেসিসি প্রশাসক বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নাগরিকদের চরম দুর্ভোগ ও ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। এ জন্য তিনি নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ন এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে জমে থাকা এসব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়।নজরুল ইসলাম মঞ্জু জানান, তিনি মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন। এ স্বল্প সময়ে নগরীর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনাবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে আগামী বছর থেকেই এসব উদ্যোগের ইতিবাচক ফল দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।স্ট্যাটাসে তিনি একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জলাবদ্ধতামুক্ত খুলনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, খুলনার উন্নয়ন ও নাগরিক স্বার্থই আমার সর্বোচ্চ অঙ্গীকার।সাম্প্রতিক ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি এবং আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। এ অবস্থায় কেসিসি প্রশাসকের এই আশ্বাস নগরবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

খুলনার উন্নয়নই সর্বোচ্চ অঙ্গীকার: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু