শাহরুখকে নিয়ে ডকুমেন্টারি চান অস্কারজয়ী কেভিন ম্যাকডোনাল্ড
বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চান অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। কয়েক বছর আগে এ বিষয়ে শাহরুখের সঙ্গে তার আলোচনা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। তবে সে সময় উপযুক্ত সময় না হওয়ায় প্রকল্পটি আর এগোয়নি।সম্প্রতি এক সাক্ষাৎকারে কেভিন ম্যাকডোনাল্ড জানান, শাহরুখ খান এখনো তাকে গভীরভাবে আকর্ষণ করেন। ভারতে শাহরুখের অসাধারণ জনপ্রিয়তা এবং কোটি মানুষের ভালোবাসার পেছনের কারণ জানতে চান তিনি। সেই ভাবনা থেকেই ‘কিং খান’-এর জীবন ও ক্যারিয়ার নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন এই নির্মাতা।কেভিন বলেন, কয়েক বছর আগে শাহরুখের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং ডকুমেন্টারি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। শাহরুখও তখন আগ্রহ দেখিয়েছিলেন। তবে সময়ের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আবারও এ নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।শুধু শাহরুখ খান নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন কেভিন ম্যাকডোনাল্ড। তার মতে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরের মানুষটিকে কাছ থেকে তুলে ধরা একটি আকর্ষণীয় বিষয় হতে পারে।বিশ্বখ্যাত ব্যক্তিদের জীবনের অজানা গল্প তুলে ধরার ক্ষেত্রে কেভিন ম্যাকডোনাল্ডের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তার সর্বশেষ প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেশন’-এ ম্যানচেস্টার সিটি ও কোচ পেপ গার্দিওলার সাফল্য, চাপ ও পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে।
প্রামাণ্যচিত্রের পাশাপাশি কাহিনিচিত্রেও ফিরছেন এই নির্মাতা। গ্যাল গ্যাডট অভিনীত ‘দ্য রানার’ সিনেমার মাধ্যমে আবারও ফিচার ফিল্ম নির্মাণে মনোযোগ দিচ্ছেন তিনি। কেভিনের মতে, দুই মাধ্যমেই মূল বিষয় হলো শক্তিশালী গল্প বলা, আর এই বৈচিত্র্যই তাকে সৃজনশীল কাজে অনুপ্রাণিত করে।