হাইব্রিড ধান চাষে নতুন সম্ভাবনা | খানসামায় ব্র্যাকের দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ
দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে দিনাজপুরের খানসামায় দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।রবিবার (১৭ মে) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত কর্মশালায় ৫৬ জন কৃষক অংশগ্রহণ করেন। এতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের হাইব্রিড ধান চাষ, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাসিব আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. মোফাখাইরুল ইসলামসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা।বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব। হাইব্রিড ধান চাষে উন্নত কৌশল অনুসরণ করলে স্বল্প জমিতেও অধিক ফলন পাওয়া যায়, যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধান অতিথি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। কৃষি বিভাগ ভবিষ্যতেও কৃষকদের পাশে থেকে সহায়তা অব্যাহত রাখবে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে আসন্ন আমন মৌসুমে চাষের জন্য ব্র্যাক-১০ জাতের হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত করার আহ্বান জানান।