কৃষি উদ্যোক্তাদের হাত ধরেই বাড়বে ভেজালমুক্ত খাদ্যের বাজার
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, খুলনাসহ দেশের উন্নয়নে কৃষি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কৃষি একটি সম্ভাবনাময় খাত উল্লেখ করে তিনি বলেন, আগামীতে উদ্যোক্তাদের জন্য কৃষিপণ্য একটি বৃহৎ খাতে পরিণত হবে।বুধবার (৭ অক্টোবর) বিকেলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।হুইপ বকুল বলেন, সৃজনশীল কৃষি উদ্যোক্তারা মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে ভেজালমুক্ত খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। উদ্যোক্তাদের সংখ্যা বাড়লে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।তিনি বলেন, অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান বা কৃত্রিম রং ব্যবহার করেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মানহীন এসব পণ্য বিক্রি যেকোনো মূল্যে বন্ধ করা প্রয়োজন।কৃষি উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ, বিপণন সহায়তা ও উপকরণ বিতরণ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন হুইপ।অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও খুলনা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমসহ কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন উপকরণ বিতরণ করেন।