ছাতকে হাওরাঞ্চলে ফসলহানি | ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় একাধিক হাওরে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় চরমহল্লা ইউনিয়নের চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ ছাতক উপজেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার-এর সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে কৃষকরা কান্নাজড়িত কণ্ঠে তাদের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। তারা জানান, আকস্মিক জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল বিনষ্ট হয়েছে, ফলে তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন ও সহসভাপতি ওবায়দুল মুন্সি।বক্তারা হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি বন্ধ, দায়ীদের আইনের আওতায় আনা এবং আগামীতে সংশ্লিষ্ট হাওরগুলোকে পিআইসি প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত তালিকা প্রণয়ন করে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তারা।তারা আরও বলেন, হাওরাঞ্চলের কৃষকদের সুরক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি, যাতে ভবিষ্যতে এমন ক্ষয়ক্ষতি কমানো যায়।
মানববন্ধনে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।