শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

বাগেরহাটে হাজার হেক্টর ধান তলিয়ে গেছে দিশেহারা কৃষক

তপ্ত রোদে ঘাম ঝরানো পরিশ্রমের পর সোনালি ধান ঘরে তোলার সময় এলেও এবার প্রকৃতির রুদ্রমূর্তিতে বিপর্যস্ত বাগেরহাটের কৃষকরা। টানা চার দিনের বৃষ্টি ও আকস্মিক কালবৈশাখীতে জেলার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ধানের মাঠ পানির নিচে নিমজ্জিত হয়ে পড়েছে।অনেকে আগাম পূর্বাভাস পেয়ে ধান কাটলেও সেই ধানও এখন মাঠে পানিতে ভেসে থাকার কারণে ঘরে তুলতে পারছেন না কৃষকরা। দিনে রোদ থাকলেও রাতে মুষলধারে বৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় মোট ৬৮ হাজার ১৭১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১৩ হাজার হেক্টর ধান কাটা হয়েছে, তবে বাকি প্রায় ৫৫ হাজার হেক্টর ধান এখনও মাঠে রয়েছে।বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের যুগীদা ও পাখিমারা বিল এলাকায় গিয়ে দেখা যায়, শত শত বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন।সুগন্ধি গ্রামের কৃষক হাওলাদার আব্দুল হালিম বলেন, হঠাৎ বৃষ্টিতে কাটা ধানও পানিতে ডুবে গেছে। পানি না নামলে ধান নষ্ট হয়ে যাবে।আরেক কৃষক মুকুল জানান, শ্রমিক সংকট ও বেশি মজুরির কারণে ধান কাটা আরও কঠিন হয়ে পড়েছে। ফলে ঋণ শোধ ও সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তারা।কৃষক হুমায়ুন কবির বলেন, টানা বৃষ্টিতে অধিকাংশ জমির ধান তলিয়ে গেছে, ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, বৃষ্টির কারণে কিছু জমির ধান হেলে পড়েছে এবং কিছু ধান এখনো মাঠে কাটা অবস্থায় রয়েছে। ক্ষতির পরিমাণ বেশি হলে তা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে হাজার হেক্টর ধান তলিয়ে গেছে দিশেহারা কৃষক