সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

সাভারে কুকুরের কামড়ে আহত শ্রমিক, চিকিৎসা খরচ চাইতেই হুমকির অভিযোগ

সাভারের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ে রংয়ের কাজ করতে গিয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন হৃদয় নামে এক রংমিস্ত্রি। চিকিৎসা ব্যয়ের টাকা চাইতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসাইনের বিরুদ্ধে তাকে হুমকি ও অপমান করার অভিযোগ উঠেছে।আহত হৃদয়ের দাবি, গত ১৬ জুন বিকেল চারটার দিকে বিদ্যালয়ের নতুন ভবনে রংয়ের কাজ করার সময় স্কুলের দারোয়ান দীপ্ত সাহার পোষা কুকুর তাকে কামড়ে দেয়। এতে তিনি আহত হন। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন এবং খরচ বহনের আশ্বাস দেন।হৃদয় জানান, আর্থিক সংকটের কারণে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যেতে পারেননি। পরে গ্রামের বাড়িতে গিয়ে কবিরাজের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নেন।শনিবার চিকিৎসা বাবদ খরচ চাইতে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে অপমান করেন বলে অভিযোগ করেন তিনি। হৃদয়ের ভাষ্য, প্রধান শিক্ষক দারোয়ানকে নির্দেশ দিয়ে তাকে ‘ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে’ বলেন।ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক মো. শামীম হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের অনেকেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাভারে কুকুরের কামড়ে আহত শ্রমিক, চিকিৎসা খরচ চাইতেই হুমকির অভিযোগ