লক্ষ্মীপুরে গভীর রাতে বাড়িতে হামলা, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মামলা দাবি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু এলাকায় নোয়াখালীর একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর এবং নারী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১ ও ২ জুন রাতে উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা মো. দেলোয়ার বাদী হয়ে নোয়াখালীর সুধারাম থানার আন্ডারচর এলাকার কয়েকজনের নাম উল্লেখসহ মোট ১২ জনের বিরুদ্ধে কমলনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা নোয়াখালীর আনন্দ বাজার ও আন্ডারচর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, গত ১ জুন রাত আনুমানিক ৯টার দিকে সামান্য রিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে মো. রায়হান ও মো. শাকিবের ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন এবং পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।এর পরদিন ২ জুন রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে মো. দেলোয়ারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ঘরের দরজা ভাঙচুর করে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে এবং প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ সময় বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। ভয়ে পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এছাড়া ঘরে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামালসহ প্রায় ২ লাখ টাকার সম্পদ লুট করে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।পরিবারটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীরা জানান, অভিযুক্তদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করতে সময় লাগায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।