খেলোয়াড় থেকে রেফারি হাডুডু মাঠে ‘কালু টাইগার’-এর নতুন পরিচিতি
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুর সঙ্গে ছোটবেলা থেকেই যুক্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের লুৎফর রহমান শেখের ছোট ছেলে কালু টাইগার। একসময় বিভিন্ন মাঠে খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়া কালু এখন রেফারি হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন।বিভিন্ন এলাকায় আয়োজিত হাডুডু প্রতিযোগিতায় নিয়মিত রেফারির দায়িত্ব পালন করছেন তিনি। শান্ত আচরণ, খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার এবং খেলার নিয়ম বুঝিয়ে সিদ্ধান্ত দেওয়ার কারণে আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের প্রশংসা পাচ্ছেন।শৈশব থেকেই হাডুডুর প্রতি আগ্রহী কালু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দলের হয়ে খেলেছেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামার অভিজ্ঞতাও রয়েছে তার। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে অর্জিত খেলার নিয়ম ও মাঠের পরিস্থিতি বোঝার অভিজ্ঞতা এখন রেফারিংয়ের কাজে ব্যবহার করছেন তিনি।কালু টাইগার বলেন, ছোটবেলা থেকেই হাডুডু আমার প্রিয় খেলা। খেলোয়াড় হিসেবে অনেক জায়গায় খেলেছি। এখন রেফারি হিসেবেও দায়িত্ব পালন করছি। দুই দলের প্রতি সমান আচরণ করে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত দেওয়াই আমার চেষ্টা।স্থানীয় হাডুডু সংশ্লিষ্টরা জানান, খেলোয়াড় হিসেবে মাঠে থাকার অভিজ্ঞতা থাকায় কালু দ্রুত পরিস্থিতি বুঝতে পারেন। উত্তেজনাপূর্ণ মুহূর্তেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। এ কারণে বিভিন্ন প্রতিযোগিতায় রেফারি হিসেবে তার চাহিদা বাড়ছে।
আয়োজক ও খেলোয়াড়রা তার রেফারিংয়ের প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। খেলোয়াড় থেকে রেফারি কালু টাইগারের এই পথচলা হাডুডুর প্রতি তার দীর্ঘদিনের ভালোবাসা ও অভিজ্ঞতারই প্রতিফলন।