৩২৯ উপজেলায় টিএসসি, ২৩ জেলায় পলিটেকনিক বড় শিক্ষা বিপ্লবের ঘোষণা
দেশে কারিগরি শিক্ষাকে বিস্তৃত ও বাধ্যতামূলক করার বড় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনার অংশ হিসেবে দেশের ৩২৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) এবং ২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই পর্যায়ক্রমে কারিগরি শিক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কৃষি, আইসিটি, বিদ্যুৎ, ইলেকট্রনিকস, গ্রাফিক ডিজাইন, স্বাস্থ্যসেবা ও নির্মাণসহ বিভিন্ন খাতে বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারবে।নতুন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এর আওতায় ১৮টি উন্নয়ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হবে।এছাড়া চারটি বিভাগে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা নারীদের কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বাড়াবে।সরকারের মতে, বিদেশে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত পরিমাণ দক্ষ শ্রমিক পাঠাতে পারছে না। নতুন এই উদ্যোগের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স আয় বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের মোট বাজেট ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে শিক্ষাখাতে মোট বরাদ্দ ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা জিডিপির প্রায় ২ শতাংশ।