দেশসেরা কাব স্কাউটস শিক্ষক হলেন সৈয়দপুরের মোস্তাফিজুর রহমান
প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এ দেশসেরা কাব স্কাউট শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাদল।শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত করা হয়।বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, শনিবার বিভিন্ন ক্যাটাগরির চূড়ান্ত ফলাফল জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। এতে ১৭টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (পুরুষ) হিসেবে মো. মোস্তাফিজুর রহমান বাদল নির্বাচিত হয়েছেন।আগামী ১৫ জুলাই রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে জাতীয় শ্রেষ্ঠত্বের পদক তুলে দেবেন।এ সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় মো. মোস্তাফিজুর রহমান বাদল বলেন, এই সম্মান শুধু আমার একার নয়, এটি সৈয়দপুরবাসীরও অর্জন। প্রাথমিক শিক্ষা পরিবারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।