বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কাপ্তাই হ্রদে প্রাণ গেল চবি ছাত্রের

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় পানিতে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার, সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।নিহত ইনতিশার হাসনাত কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে আসা চার বন্ধু নৌকাযোগে কাপ্তাই হ্রদে ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তারা পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন।একপর্যায়ে ইনতিশার সাঁতরে কিছুটা গভীর পানিতে চলে গেলে পানিতে ডুবে নিখোঁজ হন। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২৫ ফুট গভীর পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টার দিকে খবর পাওয়ার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কাপ্তাই হ্রদে প্রাণ গেল চবি ছাত্রের