গাজীপুরে একই পরিবারের ৫ জন খুন, গোপালগঞ্জে দাফন সম্পন্ন
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতদের মরদেহ রবিবার সকালে গোপালগঞ্জ জেলার পাইকান্দি ইউনিয়নে নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ নেমে আসে।মরদেহ বাড়িতে আনার পর গোসল ও শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। পরে পাইকান্দি মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।নিহতরা হলেন-শারমিন বেগম (৩২), তার ভাই রসুল মিয়া (২২) এবং শারমিনের তিন মেয়ে মীম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)। তারা জীবিকার তাগিদে গাজীপুরে বসবাস করছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারমিনের স্বামী ফুরকান মিয়া ধারালো অস্ত্র দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন।বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, স্থানীয়রা দ্রুত হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।