কানাইঘাটে এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাটে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ২টায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের কানাইঘাটে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তারা সেখানে পৌঁছাতে পারেননি। উপজেলা এনসিপির নেতারা জানান, গোলাপগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার কারণে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসরের নামাজের পর কানাইঘাটে পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে বিকেলে কানাইঘাট বাজারে ছাত্রদলের একটি মিছিলকে ঘিরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এনসিপির নেতাদের কানাইঘাটে আগমনকে তারা স্বাগত জানাবেন। তবে কোনো ধরনের আপত্তিকর বক্তব্যের জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তারা।
প্রতিবেদন লেখা পর্যন্ত কানাইঘাটের পরিস্থিতি টানটান উত্তেজনাপূর্ণ থাকলেও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।