নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর (ইটাখোলা) কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপান সরকারের স্বাস্থ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের একটি দল।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে জাপানি টিমটি ক্লিনিকে উপস্থিত হলে কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।পরিদর্শনকালে জাপানি কর্মকর্তারা ক্লিনিকটির সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকটির ভূমিকা নিয়েও সংশ্লিষ্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মরহুম সালাহউদ্দিন গাজী জিনু চেয়ারম্যানের বড় ছেলে জহিরুল ইসলাম গাজী নিপু, ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদ মেম্বার।এ ছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ কারী সাদেক মিয়া, ক্লিনিকে কর্মরত চিকিৎসক এবং স্থানীয় বাসিন্দারা।পরিদর্শন শেষে ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য এরশাদ মেম্বার বলেন, মুনসেফেরচর (ইটাখোলা) কমিউনিটি ক্লিনিক থেকে এলাকার সর্বস্তরের মানুষ যাতে আরও উন্নত স্বাস্থ্যসেবা নিতে পারেন, সে জন্য তার পক্ষ থেকে সবসময় চেষ্টা থাকবে।