সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

ঢাকায় ওয়াহাজ আলী, নুসরাত ফারিয়ার সঙ্গে এক ফ্রেমে

পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী এখন ঢাকায়। ‘তেরে বিন’-এর মুরতাসিম চরিত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় এই অভিনেতাকে এবার দেখা গেল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে। দুই তারকার একসঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।গত ২ ও ৩ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। জমকালো এই আয়োজনের একটি ফ্যাশন শোতে অংশ নেন ওয়াহাজ আলী ও নুসরাত ফারিয়া। সেখানেই ক্যামেরার সামনে একই ফ্রেমে দেখা যায় তাদের।অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিতে তাকে দেখা যায় গভীর বেগুনি রঙের স্ট্র্যাপলেস লেহেঙ্গা-চোলিতে। পোশাকে ছিল জামদানির ঐতিহ্যবাহী মোটিফ। সঙ্গে টিকলি, নেকলেস, ঝুমকা ও সোনালি চুড়িতে ঐতিহ্যবাহী সাজে নজর কাড়েন তিনি।ছবিগুলো প্রকাশ করে ফারিয়া লেখেন, ‘জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।’অন্যদিকে ওয়াহাজ আলীকে দেখা গেছে ডার্ক নেভি-ব্লু ফরমাল স্যুট-প্যান্ট ও একই রঙের শার্টে। ক্লিন-শেভড লুকে তার উপস্থিতিও ছিল বেশ আকর্ষণীয়। তার গম্ভীর অভিব্যক্তি দেখে অনেক ভক্তেরই মনে পড়ে যায় ‘তেরে বিন’-এর জনপ্রিয় চরিত্র মুরতাসিমের কথা।দুই তারকার ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। কেউ নুসরাত ফারিয়ার সাজের প্রশংসা করেছেন, আবার কেউ একই ফ্রেমে ওয়াহাজ-ফারিয়াকে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।অনেকেই আবার তাদের একসঙ্গে সিনেমায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন। একজন নেটিজেন মজা করে মন্তব্য করেছেন, ‘এবার তাহলে ওয়াহাজের সঙ্গে একটা সিনেমা করে ফেলো।’পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ ওয়াহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।তবে তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওয়াহাজ আলী। তার বিপরীতে ছিলেন ইয়ুমনা জায়েদি, অভিনয় করেন মীরব চরিত্রে।মুরতাসিম ও মীরবের প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং নানা দ্বন্দ্বের গল্প দর্শকদের ব্যাপক আকৃষ্ট করে। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে মুরতাসিম চরিত্রের মাধ্যমে ওয়াহাজ আলী দ্রুত দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। এবার সেই জনপ্রিয় ‘মুরতাসিম’কে ঢাকার মাটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে একই ফ্রেমে দেখে নতুন করে উচ্ছ্বসিত ভক্তরা। দুই দেশের দুই তারকার এই উপস্থিতি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন খোরাক হয়ে উঠেছে।

ঢাকায় ওয়াহাজ আলী, নুসরাত ফারিয়ার সঙ্গে এক ফ্রেমে