ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার
ওয়ারী থানা এলাকায় সংঘটিত ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।পুলিশ জানায়, বুধবার (২৭ মে) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে সংঘবদ্ধ চক্রটি ডিবি পুলিশের পরিচয়ে তাদের গতিরোধ করে। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ-মুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয় এবং কমলাপুর রেলস্টেশন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় মামলা রুজু করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার (৬ জুন) সকালে ইত্তেফাক মোড়ে অভিযান চালিয়ে চক্রটির ৬ সদস্যকে আটক করা হয়। এ সময় ডিবি কটি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি, হ্যান্ডকাফ, লাঠি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন শহিদুল ইসলাম মাঝি (৬০), আব্দুল মালেক (৫৫), মো. মনির হোসেন (৪৫), ইউসুফ কাজী (৬৫), রাইসুল ইসলাম (৩৪), আরিফুল ইসলাম (৩৪), মো. আফজাল হোসেন (৩০), তিন্নাথ পাল (৩৮) ও রিপন পাল (৩৬)।
এ ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।