২০২৮ পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা, এনসিটিবির চূড়ান্ত সিদ্ধান্ত
সম্প্রতি ‘পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা থাকছে না এমন শিরোনামে বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।বুধবার (২৪ জুন) এনসিটিবির শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক জানান, ওসমান হাদির বীরত্বগাথা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে এটি ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নয়, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রমের আওতায় যুক্ত হবে।তিনি বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের সম্পাদনা ও প্রস্তুতির কাজ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। ফলে ওই শিক্ষাবর্ষের বইয়ে নতুন কোনো বিষয় সংযোজনের সুযোগ নেই।
সূত্র জানায়, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে শহীদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি একই ধরনের বিন্যাসে শহীদ ওসমান হাদির বীরত্বগাথাও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।