ওমরাহ ভিসায় সৌদি প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে শর্ত
মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন শর্ত আরোপ করেছে সৌদি আরব। এক বছরের একাধিকবার প্রবেশের সুযোগ থাকলেও প্রতিবার দেশটিতে যাওয়ার আগে অনুমোদিত ওমরাহ সার্ভিস প্যাকেজ বুকিং ও ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন সার্ভিস প্যাকেজ নিতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপ থেকে সংগ্রহ করতে হবে ওমরাহ পালনের অনুমতিপত্র।সৌদি কর্তৃপক্ষ জানায়, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে পুরো ভিসার মেয়াদে সৌদিতে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিটি সফরের জন্য নেওয়া সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়সীমা অতিক্রম করতে পারবে না। ওমরাহ পারমিটের তারিখ ও সার্ভিস প্যাকেজের তারিখের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রেও নুসুকের অনুমোদিত সার্ভিস প্যাকেজ গ্রহণের পর ভিসা আবেদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।সৌদি আরবে প্রবেশ ও প্রস্থানের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী কতদিন দেশটিতে অবস্থান করেছেন এবং কতদিন থাকার সুযোগ রয়েছে, তা পর্যবেক্ষণ করা হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের ওমরাহ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও সহজ করতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।