মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

জাতিগণনার পর ৪ ভাগ হবে উত্তরপ্রদেশ: রাজভর

ভারতের উত্তরপ্রদেশকে ভবিষ্যতে চারটি পৃথক রাজ্যে ভাগ করা হবে বলে দাবি করেছেন রাজ্যটির মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রধান ওম প্রকাশ রাজভর। তার দাবি, জাতিভিত্তিক জনগণনা শেষ হওয়ার পর উত্তরপ্রদেশকে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও হরিত প্রদেশ—এই চার ভাগে বিভক্ত করা হতে পারে। রোববার আম্বেদকরনগর জেলায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় রাজভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন। রাজভরের দাবি, জাতিভিত্তিক জনগণনা শেষ হলে উত্তরপ্রদেশ ভাগ করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন। রাজভর বলেন, ভবিষ্যতে উত্তরপ্রদেশ চারটি রাজ্যে বিভক্ত হলে সম্ভাব্য অঞ্চলগুলোর নাম হবে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও হরিত প্রদেশ। একই সঙ্গে পূর্বাঞ্চল আলাদা রাজ্য হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী রাজভর সম্প্রদায়ের কেউ হতে পারেন বলেও মন্তব্য করেন। এটি তার রাজনৈতিক বক্তব্য ও দাবি হিসেবে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, পূর্বাঞ্চলে রাজভর সম্প্রদায়ের ভোটার সংখ্যা বেশি। সেই যুক্তিতে তিনি সম্ভাব্য পূর্বাঞ্চল রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ওই সম্প্রদায়ের একজনের কথা বলেন।রাজভরের এই বক্তব্য ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুনর্গঠনের পুরোনো দাবিকে আবারও আলোচনায় এনেছে। উত্তরপ্রদেশকে ছোট কয়েকটি রাজ্যে ভাগ করার দাবি বিভিন্ন সময়ে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উঠে এসেছে। ২০১১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি সরকার উত্তরপ্রদেশকে চারটি ভাগে বিভক্ত করার একটি প্রস্তাব বিধানসভায় পাস করেছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। এর আগে ২০০০ সালে উত্তরপ্রদেশের পার্বত্য অঞ্চল আলাদা করে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়। এরপরও প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক উন্নয়ন ও প্রতিনিধিত্বের প্রশ্নে উত্তরপ্রদেশকে আরও কয়েকটি রাজ্যে ভাগ করার দাবি বিভিন্ন সময়ে সামনে এসেছে। তবে উত্তরপ্রদেশকে চারটি পৃথক রাজ্যে ভাগ করার বিষয়ে কেন্দ্রীয় সরকার বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে রাজভরের বক্তব্যকে বর্তমানে তার রাজনৈতিক দাবি ও বক্তব্য হিসেবেই দেখা হচ্ছে।

জাতিগণনার পর ৪ ভাগ হবে উত্তরপ্রদেশ: রাজভর