গোমস্তাপুরে বাইকের ট্যাংকে লুকানো ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলের তেলের ট্যাংকের সাইড কভার ও এয়ার ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে মাদক পরিবহনের সময় মো. রুবেল আলী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ বোতল অবৈধ নেশাজাতীয় এসকাফ (Escuf) সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের চর উদয়নগর এলাকায় চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, তল্লাশিকালে একটি লাল রঙের TVS Apache RTR 160 সিসি মোটরসাইকেলের (রেজিস্ট্রেশন: নবাবগঞ্জ-ল-১১-৬৫৩৯) তেলের ট্যাংকের সাইড কভার ও এয়ার ফিল্টারের ফাঁকা স্থানে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।গ্রেপ্তার রুবেল আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের বাসিন্দা।পুলিশের তথ্যমতে, সিডিএমএস (CDMS) যাচাইয়ে জানা গেছে, রুবেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদকদ্রব্য আইনে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, গোমস্তাপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।