এসএ টিভিতে আসছে ‘মুহাম্মদ’ ও ‘ইউসুফ-জুলেখা’
ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিক মানের দুটি জনপ্রিয় ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি।সোমবার (২৪ আগস্ট) দুপুরে এসএ চ্যানেল (প্রা.) লিমিটেড তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলায় ডাবিং করা ধারাবাহিক দুটি হলো ‘মুহাম্মদ (সা.) ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’।বাংলাদেশের প্রথম তৃতীয় প্রজন্মের চ্যানেল হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করা এসএ টিভি সংবাদ, সৃজনশীল অনুষ্ঠান ও মূল্যবোধভিত্তিক আয়োজনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জনের চেষ্টা করে আসছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মুহাম্মদ (সা.) ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ধারাবাহিকটিতে ইসলামের প্রাথমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সময় তুলে ধরা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওফাতের পর কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, বিস্তার, রাজনৈতিক পরিবর্তন ও সামাজিক চ্যালেঞ্জের নানা দিক এতে তুলে ধরা হয়েছে।এর আগে এসএ টিভিতে প্রচারিত হয়েছিল ‘মুহাম্মদ (সা.) দ্য ফাইনাল লিগ্যাসি সিজন-১’। এবার এর দ্বিতীয় পর্ব ‘মুহাম্মদ (সা.) ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে এটি দেখা যাবে।এদিকে দর্শকদের অনুরোধে পবিত্র কোরআনের সুরা ইউসুফে বর্ণিত হযরত ইউসুফ (আ.)-এর জীবন ও সংগ্রামের ওপর নির্মিত ইরানি ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ সম্প্রচার করবে এসএ টিভি।ধারাবাহিকটিতে হযরত ইউসুফ (আ.)-এর শৈশবে ভাইদের ষড়যন্ত্র, কূপে নিক্ষেপ, দাসত্ব, প্রাসাদ জীবনের পরীক্ষা, মিথ্যা অভিযোগে কারাবরণ এবং পরবর্তীতে সততা, জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে দায়িত্বশীল অবস্থানে পৌঁছানোর ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।‘ইউসুফ-জুলেখা’ আগামী ৩০ আগস্ট থেকে প্রচার শুরু হবে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় ধারাবাহিকটি সম্প্রচার করা হবে।‘মুহাম্মদ (সা.) ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ বাংলায় ডাবিং ও সম্প্রচারে সহযোগিতা করছে মিনিস্টার মাই ওয়ান গ্রুপ। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার উপস্থিত ছিলেন।
এসএ টিভির পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটি বিনোদনের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন অনুষ্ঠান দর্শকদের কাছে পৌঁছে দিতে কাজ করছে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক এই দুই ধারাবাহিক সেই প্রচেষ্টারই অংশ।