বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দেশ সংকটে, এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানো যাবে না: শফিকুর রহমান

দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিট সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শফিকুর রহমান বলেন, গোটা সমাজ যখন সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে জামায়াতে ইসলামী স্পষ্টভাবে তার বিরোধিতা করবে বলেও জানান তিনি।তিনি বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রয়োজনে দায়িত্ব পালন করতে গেছেন, বেতনের বিনিময়ে সংসদ সদস্য হতে যাননি। দেশের মানুষের আর্থিক অবস্থার সামগ্রিক পরিবর্তন হলে তখন সবার সঙ্গে অংশীদার হতে আপত্তি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।জামায়াত আমির বলেন, নির্বাচনে জয়ী হওয়ার আগেই তাদের দল সরকারি প্লট না নেওয়া এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সংসদীয় সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন তিনি। সরকারি দলও একই সিদ্ধান্ত নেওয়ায় তাদের অভিনন্দন জানান তিনি।সংসদ সদস্যদের শাসকের পরিবর্তে সেবকের মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান শফিকুর রহমান।সংসদে জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা, শিশু হত্যা-ধর্ষণ এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তাদের দেওয়া নোটিশ আলোচনায় না আসার অভিযোগ করেন তিনি।সম্প্রতি জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোরও সমালোচনা করেন জামায়াত আমির। তাঁর বক্তব্য, এর প্রভাব শুধু পরিবহন খাতে নয়, পণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়বে। দেশের শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাক খাতের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই হতে পারে এবং এতে তাদের পরিবারও অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেন।গণমাধ্যমকে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সাংবাদিকদের সত্য তুলে ধরতে হবে। একই সঙ্গে বক্তব্যের অংশবিশেষ নিয়ে ‘ফটোকার্ড’ বা ‘কাটপিস’ তৈরি করে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সমস্যাগুলো নিজ নিজ সংগঠনের মাধ্যমে লিখিতভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। এসব বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে কথা বলার আশ্বাসও দেন জামায়াত আমির। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দেশ সংকটে, এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানো যাবে না: শফিকুর রহমান