রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলায় ভাইরাল ফেনী জেলা পরিষদ প্রশাসক

ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে “প্রিয় নবী, প্রিয় মানুষ” বলে উল্লেখ করেন বলে ভাইরাল হওয়া ভিডিও ও অডিও ক্লিপে শোনা যায়।শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে এম এ খালেক ওই মন্তব্য করেন।বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্যটিকে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর বলে অভিহিত করেছেন। ধর্মীয় অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দা এ মন্তব্যের সমালোচনা করে বলেন, ধর্মীয়ভাবে সংবেদনশীল এমন শব্দচয়ন জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের জন্ম দিতে পারে। সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারীও এ নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। একাধিক বিএনপি নেতার দাবি, এ ধরনের বক্তব্য দলকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে।উল্লেখ্য, অধ্যাপক এম এ খালেক এর আগেও বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন। গত ১৬ এপ্রিল একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তাঁর আচরণ নিয়ে সমালোচনা হয়েছিল। এছাড়া অতীতে দলীয় একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়েও রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছিল। বর্তমানে ভাইরাল হওয়া বক্তব্যকে ঘিরে ফেনীসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা অব্যাহত রয়েছে।

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলায় ভাইরাল ফেনী জেলা পরিষদ প্রশাসক