শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

ফিফার পরিকল্পনায় ক্ষুব্ধ উয়েফা, বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা থেকে ফিফা সরে না এলে তাদের কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।বৃহস্পতিবার অনুষ্ঠিত জরুরি সভায় উয়েফার ৫৫ সদস্য অ্যাসোসিয়েশন সর্বসম্মতভাবে শর্তসাপেক্ষ বয়কটের পক্ষে ভোট দেয়।এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ফিফাকে পরিকল্পনাটি পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতেও ফুটবল প্রতিযোগিতা বা পরিচালনব্যবস্থায় বেসরকারি মালিকানা যুক্ত না করার নিশ্চয়তা দিতে হবে।উয়েফার দাবি, বিশ্বকাপ কোনো বাণিজ্যিক পণ্য নয়। খেলোয়াড়, জাতীয় দল ও কোটি কোটি সমর্থকের দীর্ঘদিনের অবদানে গড়ে ওঠা এই প্রতিযোগিতাকে শুধুমাত্র বিনিয়োগের মাধ্যমে মূল্যায়ন করা যাবে না।জানা গেছে, ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যমানের এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চায় ফিফা।এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার সম্প্রচারস্বত্ব, পৃষ্ঠপোষকতা, টিকিট বিক্রি ও আয়োজনসংক্রান্ত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, বিনিয়োগকারীরা সংখ্যালঘু অংশীদার থাকবে এবং ফুটবলীয় সিদ্ধান্তের নিয়ন্ত্রণ সংস্থাটির কাছেই থাকবে।তবে উয়েফার আশঙ্কা, বাইরের বিনিয়োগকারীরা যুক্ত হলে আর্থিক লাভের চাপ বাড়বে এবং ভবিষ্যতে ফুটবলের স্বার্থের চেয়ে ব্যবসায়িক স্বার্থ প্রাধান্য পেতে পারে।এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) ফিফার পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এমন বড় সিদ্ধান্তের আগে তাদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। ফিফা পরিকল্পনা থেকে সরে না এলে ২০৩০ বিশ্বকাপ ঘিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। স্পেন, পর্তুগাল ও মরক্কো আয়োজিত ওই আসরে ইউরোপের শীর্ষ দলগুলোর অনুপস্থিতি বিশ্বকাপের কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে।

ফিফার পরিকল্পনায় ক্ষুব্ধ উয়েফা, বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি