বোল্টকে ছাড়াল চীনা রোবট! ৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়
বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক ট্রায়ালে চমক দেখিয়েছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট ‘তিয়াংগং আল্ট্রা’। রোবটটি মাত্র ৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।শনিবার (২২ আগস্ট) বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের প্রাথমিক হিটে এই সাফল্য অর্জন করে রোবটটি। একই প্রতিযোগিতায় ‘লাইটনিং’ নামের আরেকটি রোবট ৯.৪৭ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়।তবে মানুষের দৌড়ের সঙ্গে রোবটের পার্থক্য স্পষ্ট। উসাইন বোল্টের মতো রোবটগুলোর গতি নিয়ন্ত্রণ বা ফিনিশিংয়ের পর ভারসাম্য ধরে রাখার দক্ষতা এখনো সীমিত। দৌড় শেষে গতি কমাতে তৈরি পুরু ম্যাটে গিয়ে সজোরে পড়ে যায় রোবটগুলো। ‘তিয়াংগং’ সাইডলাইনে ছিটকে পড়ে এবং ‘লাইটনিং’কে স্ট্রেচারে সরিয়ে নিতে হয়।প্রযুক্তিগত উন্নতির দিক থেকে এবারের পারফরম্যান্স গত বছরের তুলনায় অনেক এগিয়ে। ২০২৪ সালের আসরে ‘তিয়াংগং আল্ট্রা’ ১০০ মিটার দৌড় শেষ করেছিল ২১.৫০ সেকেন্ডে। একই রোবট গত বছর বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনেও জয় পেয়েছিল।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রস্তুতিমূলক পরীক্ষায় ‘লাইটনিং’ ৯.৩২ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে এবং এর সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৪.৫ মিটার। প্রতিযোগিতার আগে গবেষকরা এর পায়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটার করেন।চীন বর্তমানে হিউম্যানয়েড রোবটকে কৌশলগত গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির উন্নয়ন ভবিষ্যতে উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এবারের বেইজিং হিউম্যানয়েড রোবট গেমসে ১৬টি দেশের ৬৬৬টি দল থেকে ২ হাজার ৫৬টি রোবট অংশ নিচ্ছে। ৫১টি ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, নাচ ও শিল্পকর্ম প্রদর্শনীর মতো প্রতিযোগিতাও।