রোববার, ৩০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

উর্দুভাষীদের অধিকার নিয়ে সৈয়দপুরে জাতীয় কাউন্সিল, উঠল ৫ দফা দাবি

নীলফামারীর সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ ও আবাসন সংকট নিরসনের দাবিতে স্ট্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি)-এর তিন দিনব্যাপী জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে কাউন্সিলের শেষ অধিবেশনে বক্তারা বলেন, শুধু নাগরিকত্ব প্রদান নয়, উর্দুভাষী জনগোষ্ঠীর পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পে বসবাসরত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।তিন দিনের এই কাউন্সিলে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার প্রায় ৭০টি ক্যাম্পের নেতাকর্মীরা অংশ নেন। শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন এসপিজিআরসি সৈয়দপুর শাখার সভাপতি রিয়াজ আকবর। এতে সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।বক্তারা বলেন, ক্যাম্পগুলোতে সংকীর্ণ জায়গায় একাধিক প্রজন্মের মানুষ বসবাস করায় আবাসন সংকট প্রকট। অনেক পরিবার পর্যাপ্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও শিশুদের শিক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান তারা।কাউন্সিলে ক্যাম্প থেকে মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিও জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, ক্যাম্পের বাসিন্দাদের একটি অংশকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া হলেও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিরাও নানা হয়রানির শিকার হচ্ছেন।এ সময় ক্যাম্প উচ্ছেদ বন্ধ, আবাসন সংকট নিরসন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী-শিশুর শিক্ষার ব্যবস্থা এবং উর্দুভাষী জনগোষ্ঠীর ইতিহাস-সংস্কৃতি সংরক্ষণের দাবি তুলে ধরা হয়।এসপিজিআরসির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। তিনি সরকারের কাছে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।এসপিজিআরসি সৈয়দপুর শাখার সভাপতি রিয়াজ আকবর বলেন, ঢাকার বাইরে সৈয়দপুরে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় তারা গর্বিত। তিনি বলেন, শুধু নাগরিক করলেই হবে না, নাগরিকের অধিকারও দিতে হবে।কাউন্সিলের আগে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিতে উর্দুভাষী জনগোষ্ঠীরও অবদান রয়েছে। তাই তাদের দীর্ঘদিনের আবাসন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সংকট সমাধানে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

উর্দুভাষীদের অধিকার নিয়ে সৈয়দপুরে জাতীয় কাউন্সিল, উঠল ৫ দফা দাবি