সুগন্ধা নদীতে সেতুর সম্ভাবনা জোরালো, পরিদর্শনে সেতু কর্তৃপক্ষ
ঝালকাঠি ও নলছিটি উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সুগন্ধা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছে।বুধবার (২৪ জুন) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমীনা আল গাজীর প্রস্তাবিত ঝালকাঠি-নলছিটি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।এর আগে ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সভাকক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।সভায় প্রকল্পটির প্রয়োজনীয়তা, সম্ভাব্যতা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন (পিএন্ডডি) বিভাগের উপ-পরিচালক মো. নুর ইয়াসিনের নেতৃত্বে প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করেন। পরে তারা সুগন্ধা নদীর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।পরিদর্শনকালে সওজ, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান খান এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে ঝালকাঠি ও নলছিটিসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু বাস্তবায়িত হলে অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।