কুড়িগ্রামে বিজ্ঞান মেলা-২০২৬ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।মেলার অংশ হিসেবে পলিথিনের ব্যবহার হ্রাস ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি, ভিতরবন্দ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ এবং উপজেলা আইসিটি অফিসার এটিএম মাহমুদ (সুমন)।মেলার প্রধান আয়োজক ও পরিচালক সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খন্দকার বাচ্চু বলেন, প্রতিবছরই ভিতরবন্দ ইউনিয়নে এ ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত হচ্ছে।এবারের মেলায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শিত প্রকল্প ও উদ্ভাবনী ধারণার ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।এছাড়া ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী এতে অংশ নেয়।আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং উদ্ভাবনী চিন্তাভাবনায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।