সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন ছাড়, বোনাসে অনিশ্চয়তা

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন ছাড় করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে অর্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে, যা আজ সন্ধ্যার মধ্যেই অ্যাকাউন্টে পৌঁছাবে বলে জানা গেছে।তবে আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা বা বোনাস নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।সোমবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি সূত্রে এসব তথ্য জানা যায়।মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, এপ্রিল মাসের বেতন আজকের মধ্যেই ব্যাংক হিসাবে পৌঁছে যাবে। তবে ঈদ বোনাস এখনও অনুমোদন পায়নি।তিনি আরও জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে গেজেট জিও জারি করা হবে এবং এরপর আইবাস সিস্টেমে অর্থ ছাড় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।নীতিমালা অনুযায়ী, স্কুল-কলেজের প্রধান শিক্ষকরা অনলাইনে বেতন বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে ছাড় করা হয়। এদিকে বেতন ছাড় হলেও ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তায় শিক্ষক সমাজের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ দেখা দিয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন ছাড়, বোনাসে অনিশ্চয়তা