গ্রাহকসেবা উন্নয়ন ও ফায়ার ড্রিল অনুষ্ঠিত সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে
সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ক সার্ভিস উন্নয়ন মতবিনিময় সভা এবং অগ্নি নির্বাপণ ও উদ্ধারবিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালের কনসালটেন্ট সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. নূরুল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম, হিসাব বিভাগের ইনচার্জ শেখ শরিফুল আউয়ালসহ বিভিন্ন বিভাগের ইনচার্জ এবং হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এবং রোগীদের সেবার মান আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে চিকিৎসক, নার্স ও স্টাফদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।সভা শেষে হাসপাতাল প্রাঙ্গণে সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের সার্বিক সহযোগিতায় অগ্নি নির্বাপণ ও উদ্ধারবিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ এবং মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এ মহড়ায় হাসপাতালের কর্মকর্তা, নার্স ও নিরাপত্তাকর্মীদের অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা, ফায়ার এক্সটিংগুইশারের সঠিক ব্যবহার এবং রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও হাসপাতালের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় কর্মীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছে।