চাঁপাইনবাবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামী ঐক্য সপ্তাহের আলোচনা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ভাবগম্ভীর পরিবেশে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা শহরের ঐতিহ্যবাহী শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও সভাপতি হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল্লাহ।মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশ্ব আহলে বাইত সংস্থা বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক আ.জ.ম. মনিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন রাজশাহীর মোহাম্মদ আল-আমিন ফার্সি শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম শায়েখ আলী আকবর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. নবীউল ইসলাম এবং ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ হোসাইন।আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, সুমহান আদর্শ ও কালজয়ী শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।বক্তারা বলেন, একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হলো মহানবী (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য পোষণ করা এবং তাঁর সুন্নাহ ও আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা।বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতিতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।
দীর্ঘ আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল্লাহ।