১০নং গাইবান্ধা ইউনিয়নের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও শাহ্ মোঃ জুবায়ের
জামালপুরের ইসলামপুর উপজেলার ১০নং গাইবান্ধা ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের।সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে ইউএনও একটি এইচবিবি (Herring Bone Bond) সড়ক নির্মাণ প্রকল্প, কাবিটা (কাজের বিনিময়ে টাকা) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের কাজ পরিদর্শন করেন।তিনি প্রকল্পগুলোর নির্মাণকাজের মান, ব্যবহৃত উপকরণ, শ্রমিকদের কার্যক্রম এবং নির্ধারিত সময় অনুযায়ী কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় ইউএনও শাহ্ মোঃ জুবায়ের বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হলো জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই অবকাঠামো তৈরি করা। তাই প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না।তিনি সংশ্লিষ্টদের নিয়মিত তদারকি এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও। এ সময় তিনি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রয়োজনীয়তা ও স্থানীয় সমস্যার বিষয়ে তাদের মতামত শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উপজেলা প্রশাসন জানায়, ইসলামপুর উপজেলার চলমান সব উন্নয়ন প্রকল্প নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারি অর্থের সঠিক ব্যবহার ও জনসাধারণের সুফল নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি অব্যাহত থাকবে।