সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দিল্লিতে জমজমাট ‘ইলিশ ফেস্ট’, মাতল অতিথিরা

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ইলিশ ফেস্ট’। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এ উৎসবে ভারতের রাজনীতিবিদ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক ও সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।উৎসবে বাংলাদেশের ইলিশের নানা পদ পরিবেশনের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার ও রন্ধনশৈলীর বৈচিত্র্য তুলে ধরা হয়। অতিথিরা ইলিশের স্বাদ গ্রহণের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক উপভোগ করেন।অনুষ্ঠানে বিশিষ্ট ভারতীয় নাগরিকেরা ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিশ কল্ড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করেন।বইটির মোড়ক উন্মোচনের পর বাংলাদেশ হাইকমিশনার মু. রিয়াজ হামিদুল্লাহ বলেন, ইলিশ বাংলাদেশের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের সমাজ ও অর্থনীতির সঙ্গেও ইলিশের গভীর সম্পর্ক রয়েছে।তিনি জানান, বাংলাদেশে ইলিশের পাঁচটি অভয়াশ্রম রয়েছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে ইলিশ সংরক্ষণ ও উৎপাদন ক্রমশ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিশিষ্ট সাংবাদিক এম. জে. আকবর, সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদ মণি শংকর আইয়ার, মানবাধিকারকর্মী ও সমাজচিন্তক সাইদা হামদি, ভারতের সাবেক রাষ্ট্রদূত রনেন সেন, বিশিষ্ট সমাজবিজ্ঞানী আশিস নন্দীসহ বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, ইলিশ ফেস্টের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তা ভারতের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

দিল্লিতে জমজমাট ‘ইলিশ ফেস্ট’, মাতল অতিথিরা