পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর ও কূটনৈতিক আলোচনা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানীতে অবতরণ করেন।বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, সফরকে ঘিরে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।ইসলামাবাদে পৌঁছে আরাগচি সরাসরি সেরেনা হোটেলে যান এবং সেখানে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।এর আগে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক কূটনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়। গত এপ্রিলের শুরুতে একই স্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সংলাপ হলেও তা কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়।এবারের সম্ভাব্য আলোচনায় ভিন্ন কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে জানা গেছে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর বরাতে বলা হচ্ছে, ভবিষ্যৎ সংলাপে গুরুত্বপূর্ণ কিছু অংশগ্রহণকারী অনুপস্থিত থাকতে পারেন, যা আলোচনার গতিপথে পরিবর্তন আনতে পারে।
এদিকে, মধ্যস্থতার প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে কাতার। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপে আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের উদ্যোগকে সমর্থন জানানোর কথা বলা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।