বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

জাতিসংঘকে ‘অকেজো’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জাতিসংঘকে একটি ‘অকেজো সংস্থা’ হিসেবে আখ্যায়িত করে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের শুরুতেই জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিলেই। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্ব জাতিসংঘের ওপর রয়েছে, সংস্থাটি তা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে।মিলেই জাতিসংঘের আমলাতান্ত্রিক কাঠামোরও সমালোচনা করেন। তিনি সংস্থাটিকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেন, যা তাঁর ভাষায় ‘অহংকারী পরজীবী’ আমলাদের টিকিয়ে রাখার কাজে পরিণত হয়েছে। ইসরায়েল ইস্যুতেও জাতিসংঘের অবস্থানের সমালোচনা করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, মানবাধিকার রক্ষার দাবিদাররা ইসরায়েলের বিরুদ্ধে বারবার অবস্থান নিলেও ইসলামী সন্ত্রাসবাদ ও আফ্রিকায় খ্রিস্টানদের ওপর সহিংসতার ঘটনায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি।মিলেই আরও বলেন, ইরানের হামলার নিন্দা জানায় আর্জেন্টিনা। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেন তিনি। জাতিসংঘের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন মিলেই। বিশেষ করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ফকল্যান্ড/মালভিনাস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব বিরোধের প্রসঙ্গ তুলে তিনি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে অসন্তোষ জানান এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘকে ‘অকেজো’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই