বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

১০ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে ইরাক-কুয়েত প্রত্যাগতদের সংবাদ সম্মেলন

ইরাক-কুয়েত যুদ্ধ থেকে প্রত্যাগত বাংলাদেশীদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মিয়া আব্দুল হান্নান। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।তাদের দাবির মধ্যে রয়েছে জাতিসংঘ ক্ষতিপূরণ কমিশনের অর্থ ব্যবস্থাপনা ও বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রাপ্য কাগজপত্র ফেরত প্রদান, যুদ্ধফেরত শ্রমিকদের তালিকা প্রকাশ, বকেয়া ক্ষতিপূরণ পরিশোধ, বিদেশে রেখে আসা অর্থ ফেরত আনা, এবং বিভিন্ন ব্যাংকে জমা থাকা দিনারের বিনিময়মূল্য প্রদানসহ একাধিক বিষয়।সংগঠনের নেতারা অভিযোগ করেন, ১৯৯৭ থেকে ২০০৫ সালের মধ্যে জাতিসংঘ ক্ষতিপূরণ কমিশন কর্তৃক প্রদত্ত অর্থ বিতরণ ও ব্যবস্থাপনায় অনিয়ম ও অনিশ্চয়তা রয়েছে। তারা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করেন।এছাড়া গুলশান-বারিধারা এলাকায় প্রস্তাবিত ১৫১.৫৪ কাঠা জমিতে কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয়।বক্তারা আরও অভিযোগ করেন, যুদ্ধফেরত শ্রমিকদের প্রাপ্য ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা এখনো সম্পূর্ণভাবে তারা পাননি। এ বিষয়ে দ্রুত সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের ১০ দফা দাবি বাস্তবায়িত হলে প্রত্যাগত শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি ও অনিশ্চয়তা দূর হবে।

১০ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে ইরাক-কুয়েত প্রত্যাগতদের সংবাদ সম্মেলন