বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

নিখোঁজের ৩ দিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলিট স্টিল মিল সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে রাতে একটি ফোন কল পাওয়ার পর বাড়ি থেকে বের হন ইব্রাহিম। এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিখোঁজের ৩ দিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার