টুঙ্গিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে ঘরটিতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে স্বামী শাহআলম হোসেন বাবুর বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাওয়া ৪ নম্বর ঘরে বসবাস করতেন তাসলিমা আক্তার ও তার স্বামী শাহআলম হোসেন বাবু। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভুক্তভোগীর অভিযোগ, পারিবারিক কলহের জেরে শাহআলম হোসেন বাবু তাকে মারধর করেন। পরে তিনি সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।স্থানীয়দের দাবি, এর আগে শাহআলম হোসেন বাবু ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। পরে গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে আগুন লাগানো হয় বলে অভিযোগ করেন তারা।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।তাসলিমা আক্তার বলেন, তিনি অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। সরকারি সহায়তায় পাওয়া একমাত্র আশ্রয়স্থলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি চরম দুর্ভোগে পড়েছেন।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।