বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

পাটুরিয়া-আরিচা ঘাটে ঈদফেরত যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পাটুরিয়া-আরিচা ঘাট এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক হলেও ফেরার পথে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া-আরিচা ও সংযোগ মোড় এলাকায় সেলফি, নীলাচল, সেবালিংক, স্বপ্নপুরী, শুভযাত্রা, স্বাধীন পরিবহনসহ বিভিন্ন বাস ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করছে।যাত্রীদের অভিযোগ, গাবতলী রুটে যেখানে ভাড়া ২০০ টাকা নির্ধারিত, সেখানে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। সাভার-নবীনগর রুটে ১৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম রোডগামী বাসেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ রয়েছে।যাত্রীরা জানান, ঈদের আগে ও পরে এ ঘাট এলাকায় প্রতি বছরই এমন অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটে। এবার গাড়ি কম থাকায় যাত্রীরা বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।গাবতলীগামী যাত্রী মো. বাদল হোসেন বলেন, প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বাস পেলেও নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ টাকা দিতে হয়েছে। তিনি অতিরিক্ত ভাড়া আদায়কে “যাত্রীদের জন্য জুলুম” বলে মন্তব্য করেন।অপর যাত্রী গার্মেন্টস শ্রমিক সোহেল হোসেন জানান, সাভার যাওয়ার জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে হয়েছে, কারণ বাসের সংকট ছিল।এদিকে নীলাচল পরিবহনের স্টাফ আনোয়ার দাবি করেন, যাত্রী নিয়ে গেলে গাড়ি পূর্ণ থাকলেও ফেরার পথে খালি আসতে হয়, এ কারণেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে।এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রতিটি বাসে গিয়ে যাচাই করা সম্ভব নয়, যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার জানান, ঈদ পরবর্তী যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাটুরিয়া-আরিচা ঘাটে ঈদফেরত যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ