শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

আমিনপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ

পাবনার বেড়া উপজেলার খাস আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে অনিয়ম, ঘুষ দাবি, অভিভাবককে লাঞ্ছিত করা এবং সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।লিখিত অভিযোগে ভুক্তভোগী অভিভাবক মো. রফিকুল ইসলাম মুন্সী জানান, গত ২৯ জানুয়ারি তিনি তার দুই সন্তান ওবায়দুল্লাহ মুন্সী ও নাজিয়াত মুন্সীকে বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরবর্তীতে শিশু দুটি নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিলেও কয়েক মাস পর তিনি জানতে পারেন তাদের নাম বিদ্যালয়ের হাজিরা খাতা ও রোল তালিকায় নেই।অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক রবিউল ইসলাম শিক্ষার্থীপ্রতি ৩ হাজার টাকা দাবি করেন। ওই টাকা না দিলে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে না বলে জানানো হয়। অবৈধ অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে তাকে গালিগালাজ করেন এবং সন্তানদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, এর আগে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের লোহার রেলিং অবৈধভাবে বিক্রি করা হয়েছিল। ভুক্তভোগীর দাবি, ওই ঘটনার প্রতিবাদ করায় ব্যক্তিগত আক্রোশ থেকে তার সন্তানদের ভর্তি নিয়ে জটিলতা সৃষ্টি করা হয়েছে।গত ২৬ মে এ বিষয়ে বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক রবিউল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমিনপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ